বাবর আজমের সেঞ্চুরি: 'পিএসএল আর আন্তর্জাতিক ক্রিকেট এক নয়'-বাসিত আলি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে বাবর আজমের বিধ্বংসী সেঞ্চুরি যখন ক্রিকেট বিশ্বে প্রশংসিত হচ্ছে, তখনই এক ভিন্ন সুর তুললেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। তার মতে, পিএসএলের পারফরম্যান্স দিয়ে বাবরের আন্তর্জাতিক ক্রিকেটের মানদণ্ড বিচার করা ঠিক হবে না।

সম্প্রতি ইউটিউব চ্যানেল 'গেম প্ল্যান'-এ বাবর আজমের ৬৬ ইনিংস পর সেঞ্চুরি এবং পেশোয়ার জালমির ১১৮ রানের বড় জয় নিয়ে আলোচনা করতে গিয়ে বাসিত আলী ও কামরান আকমল এই মন্তব্য করেন।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বাবরের ইনিংসটিকে পিএসএল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে আলজারি জোসেফের মতো বোলারদের যেভাবে বাবর মোকাবিলা করেছেন, তার প্রশংসা করেছেন তিনি। তবে তিনি মনে করিয়ে দেন যে, ফ্র্যাঞ্চাইজি লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

বাসিত আলী বলেন, "বাবরের ব্যাটিং দেখাটা ছিল পরম আনন্দের। কিন্তু এই পারফরম্যান্স যেন আন্তর্জাতিক ক্রিকেটে তার ফর্ম বা রেকর্ড নিয়ে চলা বিতর্ককে থামানোর হাতিয়ার না হয়। পিএসএল আর আন্তর্জাতিক ক্রিকেট পুরোপুরি আলাদা।"

আলোচনার এক পর্যায়ে বাসিত আলী একটি কৌতূহলোদ্দীপক প্রশ্ন তোলেন। তিনি ইঙ্গিত দেন, বর্তমানে পিএসএলে শীর্ষে থাকা পেশোয়ার জালমি আইপিএলের পাঞ্জাব কিংসকে হারাতে পারবে কি না—এমন তুলনা বা আলোচনা এখন ডালপালা মেলতে শুরু করেছে।

পেশোয়ার জালমির হয়ে বাবর আজম তার সেঞ্চুরিটি সাজিয়েছেন অত্যন্ত দক্ষতার সাথে। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং আক্রমণকে তিনি অনায়াসেই মাঠের বাইরে পাঠিয়েছেন। বিশেষ করে আলজারি জোসেফ, যাকে বাসিত আলী একজন 'রহস্যময় বোলার' হিসেবে উল্লেখ করেছেন, তাকেও বাবর কোনো সুযোগ দেননি।