ঘাড় ভেঙে হাসপাতালে ক্লিন্সম্যান পুত্রের, বিশ্বকাপ শেষের শঙ্কা

ফুটবল মাঠে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সম্যানের ছেলে জোনাথন ক্লিন্সম্যান। ইতালির দ্বিতীয় স্তরের লিগ সিরি-বি’তে খেলার সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে সংঘর্ষে জোনাথনের ঘাড়ের হাড় ভেঙে গেছে।

বর্তমানে ২৯ বছর বয়সী এই গোলরক্ষক ইতালিয়ান ক্লাব চেসেনার হয়ে খেলছিলেন। গত শনিবার পালেরমোর বিপক্ষে ম্যাচ চলাকালীন একটি সংঘর্ষের পর তিনি মাঠে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে নেক-ব্রেস পরিয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সিসিলির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ক্লাব চেসেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রাথমিক পরীক্ষায় জোনাথনের ঘাড়ের প্রথম কশেরুকাতে চিড় ধরা পড়েছে। এছাড়া মাথার পেছনেও গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে একজন বিশেষজ্ঞ নিউরোসার্জনের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

ইনজুরিতে পড়েন জোনাথান ক্লিনসমান

এই ভয়াবহ চোট জোনাথনের ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এই গ্রীষ্মে অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন ছিল তার। যদিও এখনো জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি, তবে নিয়মিত স্কোয়াডে ডাক পাচ্ছিলেন তিনি। এই ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে তার ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত।

হাসপাতাল থেকে নিজের ইনজুরি নিয়ে জোনাথন ইন্সটাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন: "দুর্ভাগ্যবশত শনিবারই আমার মৌসুম শেষ হয়ে গেল। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় আমাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। পালেরমো এবং চেসেনার সমর্থকদের প্রতি আমার কৃতজ্ঞতা। বন্ধু এবং পরিবার যারা এই কঠিন সময়ে পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।"