যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড নিয়ে নামবে তেহরান

ইরান যুদ্ধক্ষেত্রে এবার 'নতুন কার্ড' ব্যবহার করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও পাকিস্তানে ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাকের কালিবাফ। একই সঙ্গে ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টিও তেহরান বিবেচনা করছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।  

সোমবার (২০ এপ্রিল) ওই কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশগ্রহণ এখনো বিবেচনাধীন। বিশেষ করে ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের ওপর থাকা অবরোধ প্রত্যাহারের চেষ্টা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার মতে, এই অবরোধই বর্তমানে শান্তি প্রক্রিয়ায় ফেরার অন্যতম বড় বাধা। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের 'ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন' কূটনৈতিক অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো একেবারেই অসম্ভব।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তান সফরে যেতে পারেন। তবে ইরান এখনো ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সম্ভাব্য আলোচনায় প্রতিনিধি পাঠাবে কি না, তা নিশ্চিত করেনি।

তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা চেকপোস্ট এবং 'ইসলামাবাদ টকস' লেখা পোস্টার দেখা গেলেও আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা। অন্যদিকে তেহরানে উদ্বেগ দেখা দিয়েছে যে, সম্ভাব্য আলোচনায় এমন শর্ত আরোপ করা হতে পারে যা ইরান গ্রহণে প্রস্তুত নয়।