বেলকুচিতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্র নিহত 

সিরাজগঞ্জের বেলকুচিতে ইটবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে বেলকুচি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বাইজিদ (১৭) বেতিল খামার গ্রামের ব্যবসায়ী মো. আব্দুল আলিমের একমাত্র ছেলে। আজুগরা ইলিয়াস কনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের  দশম শ্রেণির ছাত্র ছিল। 

নিহতের চাচা জানান, বাইজিদ বেলকুচির সোহাগপুর হাট থেকে বাড়ি ফিরছিল। কামারপাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ওভারটেক করার সময় ইটবোঝাই একটি নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুমন মিয়া বলেন, “বাইজিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। নিহতের জানাজা আজ বাদ এশা বেতিল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।