রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকার একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে শাহ আলম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করত সে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির একটি বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ভাড়াটিয়া মো. শুভ ও কামরুজ্জামান জানান, ৫ তলা বাড়িটির ২য় তলায় ভাড়া থাকে শাহ আলমের পরিবার। সন্ধ্যায় বাসার সামনে বসে ছিলেন তারা। তখন ভবনে উপর থেকে ভারি কিছু পড়ার শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখেন, রাস্তায় পড়ে আছে শাহ আলম। তার শরীর থেকে রক্ত ঝড়ছে। তখন বাসা থেকে তার বাবা মাকে ডেকে আনা হয়। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, বিকেলে ৫ তলা বাড়িটির ছাদে গিয়েছিল সে। এরপর সেখান থেকে কীভাবে নিচে পড়েছে সেটি কেউ বলতে পারেনি।
এদিকে, চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদহেটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।
শাহ আলমের বাবার নাম সাইদুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়বাজার গ্রামে।