স্বতন্ত্র জোটের সংরক্ষিত আসনে সাবেক ছাত্রদল নেত্রী জুঁই!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র সংসদ সদস্যদের জোটের পক্ষ থেকে সাবেক ছাত্রদল নেত্রী সুলতানা জেসমিন জুঁইকে মনোনীত করা হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) স্বতন্ত্র সংসদ সদস্যদের এই জোটের পক্ষে সুলতানা জেসমিন জুঁইয়ের মনোনয়নপত্রে স্বাক্ষর করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবর রহমান ইকবাল এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য রয়েছে একটি আসন।

আগামী ১২ মে অনুষ্ঠেয় সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত। 

রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান জানান, বিএনপি ও তাদের জোট থেকে ৩৬টি, জামায়াত জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র হিসেবে একটি মনোনয়নপত্র জমা পড়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুলতানা জেসমিন।