জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দেশে দায়িত্বশীল রাজনীতি ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর জোর দিয়েছেন।
‘সাংবাদিকের চোখে জুলাই৩৬’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশ এখন যে জায়গায় আছে, সেখান থেকে পেছনে যাওয়া যাবে না। এনসিপি চায়, গণভোটের গণরায় বাস্তবায়িত হবে, গণহত্যার বিচার হবে, স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত হবে এবং গণতান্ত্রিক আন্দোলন টিকে থাকবে।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ওয়েস্টিন হোটেলে ডেমোক্র্যাটিক জার্নালিস্ট অ্যালায়েন্স এ অনুষ্ঠানের আয়োজন করে।
এনসিপি প্রধান আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে, নিরপেক্ষ ভূমিকা পালন করবে। গঠনমূলক সাংবাদিকতা, সাংবাদিকদের সুরক্ষা ও গঠনমূলক রাজনীতি চর্চার ওপর জোর দিয়ে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের সুরক্ষা না থাকলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তিনি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
দেশে এখন মুক্ত পরিবেশ আছে, এমনটি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তবে এটা কতদিন থাকবে, তা তারা জানেন না। কারণ, ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে।
এনসিপি আহ্বায়ক বলেন, যখন তারা গণতান্ত্রিকভাবে কোনকিছুর প্রতিবাদ করছেন, গ্যাস ও বিদ্যুৎ সরকারকে নিশ্চিত করতে হবে—এমনটি বলা হচ্ছে, তখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, এটা হটকারিতা। বলা হচ্ছে, রাস্তায় বসে বিক্ষোভ করা যাবে না; যদিও রাস্তায় বসে বিক্ষোভ করা গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি।
নাহিদ ইসলাম বলেন, বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরে কথা বলবে; এটাই গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। এক্ষেত্রে গণমাধ্যমকে ভূমিকা পালনের তাগিদ দিয়ে তিনি বলেন, সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করলেই যথেষ্ট হয়। আর রাজনৈতিক দলগুলো নিজেদের ভূমিকা পালন করবে।
জুলাই গণঅভ্যুত্থানে যেসকল সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের কল্যাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান।
জুলাই গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মাতা সামসি আরা জামান অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের উদ্দেশে বলেন, ‘আমরা চাই না আপনারা বিপথে যান।’
বর্তমানে সরকারি দল বিএনপির উদ্দেশে তিনি বলেন, আগে ছাত্রদের দল ছিল না। এখন তারা দল গঠন করে নেতৃত্বে এসেছে। তাদের সম্মান করুন; ভুল হলে ধরিয়ে দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— এনসিপি নেতা আখতার হোসেন এমপি, নুসরাত তাবাসসুম এমপি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, আরিফুল ইসলাম আদিব ও মুনিরা তাবাসসুম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, নিউ এইজের উপসম্পাদক আজাদ মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহিদুল ইসলাম, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল ইসলাম কাঞ্চনসহ অন্যান্য সাংবাদিকরা।