কয়েক দশক আগেও, লাঙল আর বলদের টানে কৃষক মাঠজুড়ে যে প্রথাগত চাষাবাদ করতেন, তা ছিল গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য ও চিরপরিচিত দৃশ্য। ভোরের কুয়াশায় মোড়া বিস্তীর্ণ মাঠে, এই দৃশ্য যেন প্রকৃতি আর মানুষের গভীর সম্পর্কের এক নীরব এবং জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠত। কিন্তু সময়ের পরিবর্তন, প্রযুক্তির অগ্রগতি এবং কৃষিব্যবস্থার ধারাবাহিক আধুনিকায়নের ফলে সেই পরিচিত চিত্র আজ আর আগের মতো স্থায়ীভাবে চোখে পড়ে না, বরং ধীরে ধীরে নতুনরূপ ধারণ করছে। সময়ের অবিরাম প্রবাহে কৃষিজীবন দ্রুত রূপান্তরিত হচ্ছে এবং তার ভেতর দিয়েই স্পষ্ট হয়ে উঠছে এক নতুন বাস্তবতা, যা অতীতের সঙ্গে বর্তমানের পার্থক্যকে আরও দৃশ্যমান করে তুলছে। এই পরিবর্তন কেবল সাধারণ কোনো রূপান্তর নয়, বরং কৃষির ইতিহাসে এক গভীর ও মৌলিক পরিবর্তনের প্রতিফলন, যা কৃষিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে এবং এর পরিসরকে বহুগুণে প্রসারিত করছে। এক সময় মাটি, জল ও কঠোর শারীরিক শ্রমনির্ভর সীমিত পরিসরের কৃষি আজ বিজ্ঞান, প্রযুক্তি ও তথ্যনির্ভর এক আধুনিক ও বহুমাত্রিক ব্যবস্থায় পরিণত হয়েছে, যেখানে পরিকল্পনা ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বে জনসংখ্যা বাড়ছে। জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের কারণে, আবাদযোগ্য জমি ক্রমে সংকুচিত হচ্ছে। ফলে কৃষির ওপর চাপ তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে আধুনিক প্রযুক্তি প্রথাগত সীমাবদ্ধতাকে অতিক্রম করে কৃষির টিকে থাকা, উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিরাপত্তা প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
শারীরিক শ্রমনির্ভর কৃষি আজ বুদ্ধিমত্তা, যান্ত্রিক দক্ষতা ও তথ্যপ্রযুক্তির সমন্বয়ে পরিচালিত হয়ে উৎপাদন ব্যবস্থার পাশাপাশি কৃষি-চিন্তাকে নতুন দিগন্তে পৌঁছে দিচ্ছে। মাটির গভীর স্তরে স্থাপিত সেন্সর থেকে শুরু করে আকাশে ভেসে থাকা ড্রোন পর্যন্ত বিস্তৃত প্রযুক্তিগত পরিসর শুধু উৎপাদন পদ্ধতিকেই আমূল পরিবর্তন করেনি, বরং কৃষকের পরিচয় ও ভূমিকার ক্ষেত্রে এক নতুন মাত্রা যুক্ত করেছে। আধুনিক কৃষক এখন কেবল শ্রমনির্ভর চাষি নন, বরং তিনি তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে আত্মপ্রকাশ করেছেন, যিনি প্রযুক্তির সহায়তায় জমির অবস্থা, ফসলের চাহিদা এবং পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণ করে চাষাবাদের প্রতিটি ধাপকে আরও দক্ষ, পরিকল্পিত ও নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করছেন। এই পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান রূপ স্পষ্ট হয়ে উঠেছে আধুনিক যান্ত্রিক কৃষিতে। যেখানে দিগন্ত বিস্তৃত শস্যক্ষেত্রে শুধু মানুষের উপস্থিতিই নয়, বরং জিপিএস প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ট্রাক্টরের নিখুঁত চলাচল চোখে পড়ে, যা নির্ভুলভাবে জমি চাষ করছে। কম্বাইন্ড হারভেস্টারের মতো উন্নত যন্ত্র কৃষির প্রচলিত ধারণাকে আমূল বদলে দিয়েছে। কারণ একটি মাত্র যন্ত্র একই সঙ্গে ফসল কাটা, মাড়াই করা এবং পরিষ্কার করে বস্তাবন্দি করার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সক্ষম। আগে যেখানে এক একর জমির ফসল তুলতে বহু শ্রমিকের কয়েক দিন সময় লেগে যেত, সেখানে এখন কয়েক ঘণ্টার মধ্যেই পুরো কাজ শেষ হচ্ছে। ফলে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি, অপচয় কমে উৎপাদনও বহুগুণে বৃদ্ধি পাচ্ছে।
আধুনিক কৃষিতে ড্রোনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আকাশে উড়ে বেড়ানো ড্রোনগুলো এখন কেবল ছবি তোলার যন্ত্র নয়, বরং কৃষকের নির্ভরযোগ্য সহচর হিসেবে কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যেই এগুলো কয়েক একর জমিতে নিখুঁতভাবে কীটনাশক বা সার ছিটিয়ে দিতে পারে। যা পূর্বে ছিল ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ কাজ। ফলে কৃষকের স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং কাজের দক্ষতা বহুগুণে বেড়েছে। পাশাপাশি স্মার্ট কৃষি বা প্রিসিশন এগ্রিকালচার আধুনিক কৃষির আরেকটি বিপ্লব হিসেবে আত্মপ্রকাশ করেছে। জমিকে যেখানে এককভাবে বিবেচনা না করে, প্রতিটি অংশকে আলাদাভাবে বিশ্লেষণ করা হয়। মাটির নিচে স্থাপিত সেন্সরগুলো ক্রমাগত তথ্য সংগ্রহ করে জানাচ্ছে, কোথায় আর্দ্রতা কম এবং কোথায় পুষ্টির ঘাটতি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্সের সাহায্যে কৃষক এখন নির্ধারণ করতে পারছেন, কোন গাছে কতটুকু পানি বা সার প্রয়োজন। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পুরো খামারের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে সম্পদের অপচয় কমছে এবং ফসলের গুণগতমান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। যে কারণে কৃষক এখন কেবল চাষি নন, বরং আধুনিক তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছেন। কৃষিতে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে ফসলের রোগ শনাক্ত করা থেকে শুরু করে ফল সংগ্রহ পর্যন্ত বহু কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে। এআইভিত্তিক উন্নত ক্যামেরা শস্যের পাতার রঙ ও গঠন বিশ্লেষণ করে আগেই জানাাতে পারে, সেখানে কোনো ভাইরাস বা রোগের উপস্থিতি রয়েছে কি না? ফলে আগাম সতর্কতা নেওয়া সম্ভব হচ্ছে। আগে যেখানে রোগ ছড়িয়ে পড়ার পর, কৃষক ব্যবস্থা গ্রহণ করতেন এখন প্রযুক্তি রোগের সম্ভাবনা তৈরি হওয়ার আগেই সুনির্দিষ্টভাবে সতর্ক সংকেত দিচ্ছে। একই সঙ্গে রোবোটিক হারভেস্টার এতটাই সংবেদনশীলভাবে কাজ করছে, স্ট্রবেরি বা আপেলের মতো নাজুক ফলও কোনো ক্ষতি ছাড়াই গাছ থেকে সংগ্রহ করা সম্ভব হচ্ছে। অটোমেটেড সেচ ব্যবস্থা এখন আবহাওয়ার পূর্বাভাসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে, ফলে যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তবে সিস্টেম নিজেই সেচ কার্যক্রম বন্ধ করে। ফলে খরাপ্রবণ এলাকাগুলোতে এখন নিয়ন্ত্রিতভাবে কৃষি উৎপাদন সম্ভব হচ্ছে এবং পানির প্রতিটি ফোঁটার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে। জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কৃষিতে আরেকটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে, যা আধুনিক কৃষির সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। জেনেটিক্যালি মডিফাইড ফসলের মাধ্যমে এমন উন্নত বীজ উদ্ভাবন করা হচ্ছে, যা পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম এবং প্রতিকূল পরিবেশে সহজে টিকে থাকতে পারে। লবণাক্ত পানি কিংবা তীব্র খরার মতো কঠিন পরিস্থিতি সহ্য করতে পারে, এমন ফসলের উদ্ভাবন কৃষিকে এক নতুন সম্ভাবনার দিগন্তে নিয়ে গেছে। এই উচ্চ ফলনশীল বীজগুলো কেবল উৎপাদনের পরিমাণ বাড়াচ্ছে না, বরং পুষ্টিগুণের দিক থেকেও ফসলকে আরও সমৃদ্ধ করছে, যা মানুষের খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে পরিবেশগত ভারসাম্য এবং দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে কিছু বিতর্কও তৈরি হয়েছে। যা গবেষণা ও আলোচনার বিষয় হিসেবে রয়ে গেছে।
নগরায়ণের ফলে কৃষিজমি কমে যাওয়ায়, বিকল্প হিসেবে উলম্ব কৃষি বা ভার্টিক্যাল ফার্মিং ধারণা গুরুত্ব পাচ্ছে। শহরের বহুতল ভবনের ভেতরে এখন প্রযুক্তিনির্ভর আধুনিক খামার গড়ে উঠছে, যেখানে প্রচলিত মাটির পরিবর্তে হাইড্রোপোনিক্স ও অ্যারোপোনিক্স পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। এলইডি আলোর ব্যবহারের মাধ্যমে সূর্যের আলোর কার্যকর বিকল্প তৈরি করা হয়েছে, যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে গতিশীল ও ফলপ্রসূ করে তোলে। এর ফলে সারা বছর এবং প্রতিকূল আবহাওয়াতে নিরবচ্ছিন্নভাবে ফসল উৎপাদন সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতের খাদ্যব্যবস্থাকে আরও স্থিতিশীল করতে সহায়তা করছে। এই প্রযুক্তিনির্ভর অগ্রগতির মাঝেও কিছু বাস্তব ও গভীর চ্যালেঞ্জ স্পষ্টভাবে সামনে এসে দাঁড়িয়েছে, যা উপেক্ষার সুযোগ নেই। আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির উচ্চমূল্য প্রান্তিক কৃষকদের জন্য এক বড় প্রতিবন্ধকতা। বাংলাদেশের মতো দেশে, যেখানে অধিকাংশ কৃষকই ক্ষুদ্র জমির মালিক, সেখানে কোটি টাকার ড্রোন কিংবা স্বয়ংক্রিয় ট্রাক্টরের মতো প্রযুক্তি তাদের নাগালের বাইরে থেকে যাচ্ছে। ফলে প্রযুক্তির এই অগ্রগতির সুফল সমাজের সব স্তরের কৃষকের কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না, যা একটি বৈষম্যমূলক বাস্তবতা তৈরি করছে। একই সঙ্গে যান্ত্রিক কৃষির বিস্তারের ফলে গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত হওয়ার ঝুঁকিও ক্রমেই বাড়ছে। একসময় যে জমিতে অনেক শ্রমিক একসঙ্গে কাজ করতেন, এখন সেখানে একটি মাত্র যন্ত্রই পুরো কাজ সম্পন্ন করতে সক্ষম হচ্ছে, যা সামাজিক ভারসাম্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি পরিবেশগত দিক থেকেও উদ্বেগের কারণ তৈরি হয়েছে।
অধিক ফলনের আশায় অতিরিক্ত রাসায়নিক ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদ মাটির স্বাভাবিক উর্বরতা ও জীববৈচিত্র্যের ওপর চাপ সৃষ্টি করছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব কী হতে পারে তা নিয়ে গবেষণা চলছে এবং বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও প্রযুক্তির অগ্রযাত্রাকে থামিয়ে রাখা সম্ভব নয়। বরং এটিকে আরও টেকসই, পরিবেশবান্ধব এবং সবার জন্য সহজলভ্য করে তোলাই বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতের কৃষি ক্রমেই সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবস্থায় রূপ নিতে চলেছে, যেখানে উন্নত প্রযুক্তি ও স্মার্ট সিস্টেম নিজেই বাজারের চাহিদা বিশ্লেষণ করবে, আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করবে এবং সেই অনুযায়ী কোনো সময়ে কী পরিমাণ ফসল উৎপাদন করা হবে তা নির্ধারণ করবে। ল্যাবে তৈরি খাদ্য, কৃত্রিম মাংস এবং ইনডোর ফার্মিংয়ের মতো উদ্ভাবনী ধারণা ইতিমধ্যেই খাদ্য উৎপাদনের প্রচলিত ধারণাকে বদলে দিতে শুরু করেছে এবং ভবিষ্যতে এর প্রভাব বিস্তৃত হবে। এতে একদিকে যেমন বৈশি^ক খাদ্যনিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে, তেমনি অন্যদিকে পরিবেশের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যাবে। ‘প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে চাষাবাদ’ কেবল একটি পরিবর্তনের বিবরণ নয়, বরং এটি ভবিষ্যৎ সম্ভাবনার এক আশাবাদী ঘোষণা, যা আমাদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করে।
লেখক: সিনিয়র কৃষিবিদ ও প্রাবন্ধিক চেয়ারম্যান, ডিআরপি ফাউন্ডেশন
rssarker69@gmail.com