বকেয়া বেতন পাননি বলে তিন দিন আগে লিগের ম্যাচ খেলেননি ডরিয়েলটন গোমেজ। ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্লাব তড়িঘড়ি তার বেতন পরিশোধ করে। মাঠে ফিরেই ডরিয়েলটন বিস্ফোরিত হলেন নিজের মতো করে। পুলিশ এফসি’র বিপক্ষে করলেন গুনে গুনে চার গোল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ডরিয়েলটন জাদুতে বসুন্ধরা কিংস জিতল ৪-১ ব্যবধানে। যা দলটিকে নিয়ে গেছে বি গ্রুপের সেরা হিসেবে শেষ চারে।
বড় জয় পেয়েছে মোহামেডানও। কুমিল্লায় সৌরভ দেওয়ানের হ্যাটট্রিকে আরামবাগকে ৪-০ ব্যবধানে হারিয়ে বসুন্ধরার সঙ্গী হয়ে কোয়ালিফায়ার্স নিশ্চিত করেছে সাদা-কালোরা।
দুর্ভাগ্য পুলিশ এফসি’র। বি গ্রুপের শেষ ম্যাচ ডে’র আগ অবধি তারাই ছয় পয়েন্ট নিয়ে ছিল সবার ওপরে। অথচ এ হারেই বিদায় নিতে হয়েছে তাদের। বসুন্ধরা এই গ্রুপে সেরা হয়েছে ৮ পয়েন্ট নিয়ে। মোহামেডানের সংগ্রহ সমান। তবে গোলগড়ে পিছিয়ে তারা হয়েছে গ্রুপ রানার্স-আপ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। পুলিশ এফসি চোখে চোখ রেখে বসুন্ধরাকে চ্যালেঞ্জ জানাতে চেয়েছে। যদিও ২৪ মিনিটে দারুণ সুযোগ এসেছিল বসুন্ধরার। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ডরিয়েলটনের হেড অবশ্য পুলিশ কিপার বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন। ৩৫ মিনিটে এগিয়ে যাওয়ার সেরা সুযোগ নষ্ট করে পুলিশ। বক্সে ভেতরে পাওলো এনরিকের জোরালো শট কিংস ডিফেন্ডার ইউসুফের হাতে লাগলে পেনাল্টি পেয়েছিল তারা। তবে পেনাল্টি পাইয়ে দেওয়ার আনন্দটা উবে যায় এনরিকের। স্পট থেকে তার শট ফিরে আসে পোস্টে বাধা পেয়ে।
এনরিকের মতো ভুল করেননি ডরিয়েলটন। পেনাল্টি থেকে তার গোলে লিড নেয় বসুন্ধরা। তার আগে অবশ্য দারুণ ডাইভিংয়ে রেফারিকে বিভ্রান্ত করেন ফাহিম। ডান দিক দিয়ে আক্রমণে উঠেছিলেন বাংলাদেশ ফরোয়ার্ড। বক্সে ঢোকার মুখে তাকে ফাউল করেন ইসমাইল। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় ফাউলটা বক্সে ঠিক বাইরে করেছিলেন ইসমাইল।
লিড নিয়ে বিরতিতে যাওয়া বসুন্ধরা দ্বিতীয়ার্ধে ফিরেছে অন্য রূপে। শুরু থেকেই চাপ ধরে রেখে ডরিয়েলটন একের পর এক গোল করতে থাকেন। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিল তারকা। নিজেদের অর্ধ থেকে রাকিব হোসেনের হাওয়া ভাসানো বল আয়ত্তে নিয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে অসাধারণ ফিনিশ করেন ডরিয়েলটন।
ম্যাচের ৮৩ মিনিটে রাকিবের আরেকটি অ্যাসিস্টে হ্যাটট্রিক পূরণ করেন ডরিয়েলটন। ডান দিক থেকে রাকিবের ক্রস অনেকটা লাফিয়ে উঠে ডরিয়েলটন বল জমা করেন পোস্টে। পাঁচ মিনিট পর ডরিয়েলটন আরেক গোল করে পুলিশকে ছিটকে দেন ম্যাচ থেকে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এম এস বাবলুর গোল কেবল হারের ব্যবধানই কমিয়েছে পুলিশের। বিদায়ের পরিণতি থেকে রক্ষা পায়নি দলটি।
কুমিল্লায় প্রতিপক্ষ দুর্বল আরামবাগ হলেও দুশ্চিন্তা নিয়ে মাঠে নামতে হয়েছিল মোহামেডানকে। দুই কার্ডের কারণে ছিলেন না উজবেক প্লে-মেকার মোজাফফরভ। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন মূল স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং। মূল গোলকিপার সুজন হোসেনও চোটের কারণে খেলতে পারেননি। বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়ে কৌশল সাজাতে হয় ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টুকে। তবে অনেকের না থাকার সুযোগটা দারুণভাবে কাজে লাগান তরুণ ফরোয়ার্ড সৌরভ দেওয়ান।
প্রথমার্ধে অবশ্য গোল পাননি তিনি। ৩৯ মিনিটে জুয়েলের গোলে লিড নেয় মোহামেডান। আর বিরতির পর তিন গোল করেন সৌরভ। এমন জয়ের পর কোচ সেন্টুর কণ্ঠে সৌরভকে নিয়ে ঝড়েছে প্রশংসা, ‘ও তরুণ ও প্রতিভাবান একজন ফরোয়ার্ড। আমি ওর মধ্যে অনেক সম্ভাবনা দেখি। আজ খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। হ্যাটট্রিক করে ও আমার ও দলের দুশ্চিন্তাই কেবল দূর করেনি। দলকে তুলে নিয়েছে শেষ চারে।’
বি গ্রুপের শেষ ম্যাচ ডে’র মাধ্যমে মিলে গেছে প্রথম কোয়ালিফায়ার্সের লাইনআপ। এ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাদার্সের বিপক্ষে খেলবে বি গ্রুপ সেরা বসুন্ধরা কিংস। মোহামেডানকে অবশ্য অপেক্ষায় থাকতে হবে ২৮ এপ্রিল অবধি। সেদিন এ গ্রুপের শেষ ম্যাচ ডে’তে ফকিরেরপুলের বিপক্ষে খেলবে রহমতগঞ্জ ও আবাহনী খেলবে পিডব্লিউডি’র সঙ্গে। রহমতগঞ্জ জিতলে ১৭ মে তারাই হবে মোহামেডানের দ্বিতীয় কোয়ালিফায়ার্সের প্রতিপক্ষ। রহমতগঞ্জ পয়েন্ট খোয়ালে আবাহনীর সুযোগ থাকবে যদি তারা পিডব্লিউডিকে হারাতে পারে।