হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু থামছে না। একদিনে নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু হামে এবং অপর দুই শিশু হাম উপসর্গে মারা গেছে। এই সময়ে ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তার মধ্যে হাম আক্রান্ত হয়েছে ১৮৮ শিশু আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামে মোট ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৫টি শিশুর। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের হাম বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, হামে মৃত্যু হওয়া শিশুটি ঢাকা বিভাগের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বরিশাল ও সিলেট বিভাগে। সর্বশেষ সারা দেশে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩টি শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪৫টি শিশুই ঢাকা বিভাগের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৪৮টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের মোট ৩৮৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৫ হাজার ৯৩৫টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫টি শিশু। তাদের মধ্যে ৩ হাজার ৮০৫ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ১০৬।