ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে আসামির স্বজনরা। এ হামলায় চার পুলিশ সদস্য আহত হন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আসামি কবির খান (৪৫) চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের মৃত সুরমান খানের ছেলে। তিনি চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন থানায় মামলা রয়েছে।
আহত পাঁচ পুলিশ সদস্য হলেন, চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক, উপপরিদর্শক এসআই রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল রানা।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, সকালে চরভদ্রাসন থানার এসআই রফিকুজ্জামানের নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেপ্তার করে। তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় কবিরের বড় ভাই সূর্য খান বাধা দেন। তাৎক্ষণিক কবিরের স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া কবির খানকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই রফিকুজ্জামানের ডান হাত জখমসহ অন্য চার পুলিশ সদস্যরা আহত হন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেন বলেন, কবির খান সন্ত্রাসবিরোধী আইনের এক মামলার আসামি। তাকে গ্রেপ্তার করতে পাঁচ পুলিশ সদস্য গেলে তাদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ সদস্যরা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলার প্রক্রিয়া চলছে। কবির খানকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।