গাইবান্ধার সাদুল্লাপুরে ড্রামে সংরক্ষিত ডিজেলে ডুবে আরাফ মিয়া (২) নামের এক শিশু মারা গেছে।
বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়। এরআগে গতকাল মঙ্গলবার বিকেলে ডিজেলে ডুবে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। নিহত শিশু আরাফ মিয়ার বাড়ি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। সেই ট্রাকের ডিজেল ট্যাংকি ফুটো হয়ে গেছে। সেই ট্যাংকি মেরামতের জন্য ট্যাংকিতে থাকা সব তেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখে। ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল থাকলেও ড্রামের মুখ বা ডাকনা খোলা ছিল। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে চার দিকে শিশু আরাফ পরিবারের অগোচরে হঠাৎ ডিজেলের ড্রামের পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ( ইউপি সদস্য) মেহেদী হাসান একরামুল। তিনি মুঠোফোনে জানান, ওই শিশুর লাশ সকালে বাড়িতে আনা হয়েছে। বাদ যোহর জানাজা শেষে তাকে পারাবারিক কবর স্থানে দাফন করা হবে।