জ্যোতিদের হার

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচ হারল বাংলাদেশ নারী দল। বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল অতিথিরা। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুব বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৪৫.৫ ওভারে অলআউট মাত্র ১৬৫ রানে। প্রথম ওয়ানডে ম্যাচে এর চেয়ে ভালো ব্যাট করেছিল নিগার সুলতানার দল। শ্রীলঙ্কাকে ২০৫ রানে অলআউট করে ৯ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। গতকাল রাজশাহীতে বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। ১০১ বলে সর্বোচ্চ ৫৮ রান এসেছে তার ব্যাট থেকে। ৪.৪ ওভারের মধ্যে মাত্র ৪ রানে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস (২) ও আগের ম্যাচে ৮৬ রান করা শারমিন আক্তারকে (০) হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ২৫ রান করা ওপেনার শারমিন সুলতানার সঙ্গে তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটিতে বিপর্যয় কিছুটা সামাল দেন নিগার।