সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত হবে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা বিষয়ে গণমাধ্যমের সব অংশীজনের সঙ্গে বসে তাদের মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বুধবার সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোবাইল সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে। তিনি বলেন, রাজনীতি ও গণমাধ্যম উভয় ক্ষেত্রেই জবাবদিহিতার সংস্কৃতি শক্তিশালী করা জরুরি।

এদিকে সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজে।

এ সময় মন্ত্রী ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

ড. সুসান ভাইজে গণমাধ্যম, সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা মন্ত্রীর কাছে তুলে ধরেন।