ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। চলতি বছরের পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই এবং চলবে ৮ আগস্ট পর্যন্ত। গতকাল বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম কামাল উদ্দীন হায়দারের স্বাক্ষরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। সূচিতে ১৫ আগস্টের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতেও বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার প্রথম অংশ হবে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরবর্তী অংশে হবে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা। বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে, যেখানে মোট নম্বর ৩০। অন্যদিকে, সৃজনশীল (সিকিউ) পরীক্ষার জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট, যেখানে মোট নম্বর ৭০।
এ ছাড়া ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩৫ মিনিট। প্রথম এবং দ্বিতীয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। অর্থাৎ, এমসিকিউ এবং সিকিউ উভয় অংশই একটানা অনুষ্ঠিত হবে।
নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষা পরিচালিত হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান থেকে কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবেন।
পরীক্ষার্থীরা তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (যদি প্রযোজ্য হয়) আলাদাভাবে পাস করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী শুধু তার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
এ ছাড়া, পরীক্ষার্থীরা কাটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবেন। তারা শুধুমাত্র শিক্ষা বোর্ড কর্র্তৃক অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবেন।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।