পুলিশের ৩৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর-বদলি

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ১৩ জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া অতিরিক্ত আইজিপিসহ ২৩ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটিতে পদায়ন ও বদলি করা হয়েছে। গতকাল বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়। অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন, ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির পলাতক কমান্ড্যান্ট (ডিআইজি) মহা. আশরাফুজ্জামান, এন্টি টেররিজম ইউনিটের (ঢাকায় সংযুক্ত) ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ-পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (ঢাকায় সংযুক্ত) মো. মনিরুল ইসলাম, পুলিশ একাডেমি সারদায় বদলির আদেশপ্রাপ্ত পুলিশ অধিদপ্তরের (টিআর) ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন সদর দপ্তরের ডিআইজি মো. মুনিবুর রহমান, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের (টিআর) ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) ডিআইজি সালমা বেগম।

অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, নৌ-পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে। একই সঙ্গে রংপুর মহানগর পুলিশ কমিশনারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল মাবুদকে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট, টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মো. আশফাকুল আলমকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে সিআইডিতে, এসবির অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত, রাঙ্গামাটি বেতবুনিয়ার পিএসটিএসের (অতিরিক্ত ডিআইজি) কমান্ড্যান্ট এ এফ এম আনজুমান কামালকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, পুলিশ সদর দপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুরের আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে পিবিআইতে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে, রাজশাহী সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ সদর দপ্তরে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, পিবিআইয়ের পুলিশ সুপার আকতার হোসেনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, রাজশাহী সারদা বিপিএর পুলিশ সুপার ড. এলিজা শারমিনকে এপিবিএনে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।