মুক্তি পেলেন সেই যুবলীগ নেত্রী

যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম দেড় মাস বয়সী শিশুসন্তানসহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে আদালত থেকে শিল্পী বেগমের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বেলা সাড়ে ১১টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। কারাগারে শিল্পী বেগমের সঙ্গে দেড় মাস বয়সী তার শিশুসন্তানও ছিল।’ এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার সিএমএম আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন।

গতকাল কারামুক্ত হওয়ার পর শিল্পী বেগম বলেন, ‘আমাকে মুক্তি দিয়েছে। এ জন্য আইনের প্রতি, আদালতের প্রতি কৃতজ্ঞ।’

এর আগে গত সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শিল্পী বেগমকে রাজধানীর তেজগাঁওয়ে রেলওয়ে স্টেশন রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ জামিন নামঞ্জুর করে দেড় মাসের সন্তান কাইফা ইসলাম সিমরানসহ শিল্পীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।