স্বাস্থ্যমন্ত্রী বললেন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে স্বাস্থ্যকর্মীর অভাব মেটাতে শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে ১০ জন সশস্ত্র আনসার সদস্য নিয়োগ হবে। গতকাল বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ ও চীনের যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, দেশে হামের টিকার ছয় মাসের মজুদ রয়েছে এবং পরবর্তী ছয় মাস পর্যন্ত এই টিকার সরবরাহে কোনো সমস্যা হবে না। পর্যাপ্ত মজুদ থাকায় তিনি এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। এ ছাড়া চীনের সহযোগিতায় যৌথ সার্জিক্যাল ক্লিনিক এবং ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জটিল অস্ত্রোপচার ও চিকিৎসা ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও উচ্চতায় পৌঁছাবে।