ছাত্রদল-শিবির সংঘর্ষ

সরকারি সিটি কলেজ সাময়িক বন্ধ ঘোষণা

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (২২ এপ্রিল) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) কলেজের সব শ্রেণির পাঠদান এবং অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। একইভাবে ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৬ এপ্রিল থেকে শুরু হবে। ২২ ও ২৩ এপ্রিলের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

কলেজ সংশ্লিষ্টরা জানায়, গত ২১ এপ্রিল সকালে প্রথম দফায় ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রশিবিরের কর্মী আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় বলে সহপাঠীরা জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বুধবার তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুপুর ১২টার পর কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করে।