নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বলেন, প্রশিক্ষণার্থীরা নির্ধারিত পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তবমুখী পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে দক্ষ নাবিক হিসেবে গড়ে উঠেছে এবং তারা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে কর্মসংস্থানের জন্য প্রস্তুত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার মাদারীপুর ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের নিজস্ব ক্যাম্পাসে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২য় ব্যাচের প্রশিক্ষণার্থী নাবিকদের পাসিং আউট (শিক্ষাসমাপনী কুচকাওয়াজ) শেষে তার বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশের সামুদ্রিক খাতে দক্ষ জনবল তৈরিতে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রশিক্ষণ শেষে পাশকৃত নাবিকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে দেশের সুনাম বৃদ্ধির আহ্বান জানান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ নৌপ্রকৌশলী মোহাম্মদ শহিদ উল্লাহ সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারীসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বাংলাদেশ নৌবাহিনী বাদক দলের সুরের তালে প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।