চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আনোয়ারা থানার জুনায়েত চৌধুরী

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১২:৫০ এএম

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চধুরী। পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় এ বছরের জুলাই মাসে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কার দেওয়া হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। সভাশেষে তিনি আনোয়ারা থানার ওসির হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, আনোয়ারার থানায় জুলাই মাসের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ওসি জুনায়েত চৌধুরীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, অপরাধী গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এছাড়া থানায় ডাবল মার্ডারের  আসামি সাথে সাথে গ্রেপ্তার ও ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, দেশীয় তৈরি অস্ত্রসহ চোলাই মদ উদ্ধার করা হয়।

জুনায়েত চৌধুরী নিয়মিত টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি নিরলস পরিশ্রম করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও থানায় যোগদানের পর থেকে বিট পুলিশিং সভা এবং বিভিন্ন স্থানে চিরুনি অভিযান পরিচালনা করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত