গ্রীন রোডে আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

রাজধানীর গ্রীন রোডে একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার শরীরে কোনও জখমের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আইইএলটিএস পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন গ্রীন রোডে হোটেল রূপসা ইন্টারন্যাশনাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর বোয়ালীচর গ্রামে। তার বাবার নাম নুর নবী আর মায়ের নাম শামীমা আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক। তিনি জানান, তরুণী ১৯ এপ্রিল রাতে রূপসা হোটেলের ৪১৮ নম্বর রুমে ভাড়া উঠেছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন, আইইএলটিএস পরীক্ষা দিতে তিনি গ্রাম থেকে ঢাকায় এসেছেন। তবে হোটেল থেকে বের হতেন না তিনি। সবসময় দরজা জানলা আটকিয়ে রাখতেন।

বৃহস্পতিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ হোটেল ভাড়ার জন্য ডাকতে গেলে দরজায় নক করে কোনও সাড়াশব্দ পান না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান, বাথরুমের প্যানের উপর মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। তখন হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন।

ওসি আরও জানান, হোটেল রুমটি থেকে ঘুমের ওষুধসহ বেশ কিছু ওষুধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অসুস্থ্যতার কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিবার গ্রামে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।