রাজধানীর কলাবাগান এলাকার একটি আবাসিক হোটেলে সাব্বির হোসেন (২৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সাব্বির। পরিবারের সাথে ধানমন্ডি শুক্রাবাদ এলাকায় থাকতেন। পেশায় তেমন কিছুই করতেন না তিনি।
মৃত সাব্বিরের ফুপাতো ভাই মো. রায়হান জানান, তারা রাতে খবর পান, স্কয়ার হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে সাব্বির তার মেয়ে বন্ধু মারুফা আক্তারসহ উঠেছিলেন। সেখানে মারুফা থাকা অবস্থায় গলায় ফাঁস দিয়েছেন সাব্বির। তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তিনি স্কয়ার হাসপাতালে গিয়ে সাব্বিরকে অচেতন অবস্থায় দেখতে পান।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন দাস জানান, খবর পেয়ে মধ্যরাতে স্কয়ার হাসপাতাল থেকে সাব্বিরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্কয়ার হাসপাতালের বিপরীত পাশে একটি আবাসিক হোটেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাব্বির। ওই তরুনীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
