আরম্ভকথা

রজতরেখার স্রোতে স্বাগত

নদীর নামে নাম—রজতরেখা।
নামের মধ্যেই আছে আলো, আছে প্রবাহ, আছে সময়ের ওপর দিয়ে বয়ে চলা এক অনন্ত স্রোতের ইঙ্গিত।
নদীর প্রবহমান ধারার মতোই আজ শুরু হলো দেশ রূপান্তরের নতুন এই সাহিত্য আয়োজন।
নদী যেমন শুধু জলধারা নয়, তেমনি সাহিত্যও কেবল শব্দের সমাবেশ নয়। নদী বহন করে পাহাড়ের স্মৃতি, মাটির গন্ধ, মানুষের জীবন, ইতিহাসের অনুরণন; সাহিত্যও তেমনি বহন করে সময়ের ব্যথা, প্রেমের নীরবতা, প্রতিবাদের ভাষা এবং মানুষের গভীরতম সত্য। সেই কারণেই আমরা বিশ্বাস করি—একটি সাহিত্য পাতা শুধু প্রকাশের জায়গা নয়, এটি একটি প্রবাহ, একটি যাত্রা; যেখানে প্রতিটি লেখা একটি নতুন তরঙ্গের মতো এসে যুক্ত হয় নদীর বৃহত্তর স্রোতের সঙ্গে।
রজতরেখা সেই যাত্রারই সূচনা। আমরা চাই, এই পাতায় মিলিত হোক প্রতিষ্ঠিত ও নবীন কণ্ঠ, শহর ও প্রান্তরের ভাষা, ব্যক্তিগত অনুভব ও সামষ্টিক অভিজ্ঞতা। যুক্ত হোক সাহিত্যের সব মত, সব পথ, সব ধারা, সব গোষ্ঠী। এখানে থাকুক কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ—কিন্তু তার চেয়েও বড় কথা, থাকুক সময়ের সঙ্গে কথোপকথন, মানুষের অন্তর্গত সত্যকে খুঁজে পাওয়ার চেষ্টা, আর থাকুক সাহিত্যের আগামী পথরেখাও।
আজকের পৃথিবী ক্রমেই জটিল, বিভক্ত এবং কখনো কখনো নিষ্ঠুর হয়ে উঠছে। এই বাস্তবতায় সাহিত্য কি পারে না মানুষের ভেতরের আলোটুকু জাগিয়ে তুলতে? ভিন্ন ভিন্ন তীরকে এক স্রোতে এনে যুক্ত করতে? রজতরেখা সেই বিশ্বাস নিয়েই যাত্রা শুরু করছে—সাহিত্য শেষ পর্যন্ত মানুষকে মানুষের কাছেই ফিরিয়ে আনবে; তাকে তার নিজের ভেতরের সত্যের মুখোমুখি দাঁড় করাবে।
আমরা জানি, প্রতিটি নদীরই নিজস্ব পথ থাকে—কখনো প্রশস্ত, কখনো সংকীর্ণ, কখনো শান্ত, কখনো উন্মত্ত। রজতরেখাও তেমনই নিজের পথ তৈরি করবে নিজস্ব ধারায়—পাঠকের সঙ্গেই, লেখকের হাত ধরে।
রজতরেখার স্রোতে সবাইকে স্বাগত।

১৭ এপ্রিল ২০২৬