রাজশাহী বিশ্ববিদ্যালয়

সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ১৩ জন শিক্ষক-শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘প্রথম ডিনস্ অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে অনুষদের ১৩ জন শিক্ষক-শিক্ষার্থীকে সম্মানসূচক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে তাঁদের হাতে ফুল, ক্রেস্ট, সনদপত্র ও চেক তুলে দেওয়া হয়।


চারটি ক্যাটাগরিতে এবার ডিনস্ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় বিভাগে সেরা ফলাফল অর্জনকারী (সর্বাধিক সিজিপিএ) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ১০টি বিভাগের ১০ জন শিক্ষার্থী ‘সেরা শিক্ষার্থী’ ক্যাটাগরিতে এবং ৩ জন শিক্ষক ‘সেরা প্রবন্ধ’, ‘সেরা গ্রন্থ’ ও ‘সেরা গবেষক’ ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। 


‘সেরা শিক্ষার্থী’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়া ১০ জন শিক্ষার্থী হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিফাহ রাফিয়া বারী, অর্থনীতি বিভাগের মোছা. নাফিসা ইয়াসমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ষা রানী মন্ডল, সমাজকর্ম বিভাগের অন্তরা, সমাজবিজ্ঞান বিভাগের সানজিদা ফারজানা, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের রাজিয়া সুলতানা পারুল, লোকপ্রশাসন বিভাগের মমতাজ ফারজানা তিথি, নৃবিজ্ঞান বিভাগের মিস জান্নাতুল মাওয়া শিন, ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তৃষা দাস এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরাফুল খান ফয়সাল।


অন্যদিকে, সামাজিক বিজ্ঞান অনুষদের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরমান হোসেন ‘সেরা প্রবন্ধ’ ক্যাটাগরিতে এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক অধ্যাপক মো. আওয়াল হোসেন মোল্যা এবং ড. প্রণব কুমার পান্ডে ‘সেরা গ্রন্থ’ ও ‘সেরা গবেষক’ ভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড লাভ করেন।


এছাড়া, অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদে দায়িত্বপালনকারী সাবেক অধিকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষদ রয়েছে ১২টি। এর মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদ যাত্রা শুরু করে ১৯৮৫ সালে। এ বছর ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪৯ নং সিন্ডিকেট সভার ৪ নম্বর সিদ্ধান্তের মাধ্যমে সামাজিক বিজ্ঞান অনুষদ গঠিত হয়। শুরুতে এই অনুষদের বিভাগসংখ্যা ছিল চারটি অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সোশ্যাল ওয়েলফেয়ার (বতর্মানের সমাজকর্ম) ও সমাজবিজ্ঞান। বর্তমানে এই চারটি ছাড়াও আরো ছয়টিসহ মোট ১০টি বিভাগ রয়েছে এই অনুষদে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনস্ ওয়ার্ড প্রদানের একটি নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিগত ১১-০১-২০১৪ তারিখে সকল ডিনের সমন্বয়ে গঠিত কমিটির এক সভা তৎকালীন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান-এর সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় একটি সুন্দর ও কার্যকরী ডীনস্ এ্যাওয়ার্ড প্রদানের নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত গৃহিত হয়।


উক্ত সিদ্ধান্তের আলোকে নীতিমালা প্রণয়নের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের তৎকালীন ডীন একটি কমিটি গঠন করেন। উক্ত কমিটি সর্বসম্মতিক্রমে ডিনস্ এ্যাওয়ার্ড নীতিমালা প্রণয়ন করলেও দীর্ঘ সময়ে এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গত ২৪ জানুয়ারি বর্তমান ডিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান-এর সভাপতিত্বে একই কমিটির সভায় পুনরায় 'ডীনস্ এ্যাওয়ার্ড নীতিমালা' প্রণয়ন করা হয়।


সেই নীতিমালার আওতায় সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথমবারের মতো ডীনস্ এ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। নীতিমালা মোতাবেক পাঁচটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেবার কথা - 'সেরা গবেষক', 'সেরা প্রবন্ধ', 'সেরা গ্রন্থ', 'সেরা শিক্ষক' ও 'সেরা শিক্ষার্থী'। এর মধ্যে প্রথম তিনটি ক্যাটাগরিতে ২০২৫ সালে প্রকাশিত বই, গবেষণা প্রবন্ধের ভিত্তিতে এ্যাওয়ার্ড দেওয়া হবে। ২০২৩ সালের বিএসএস (অনার্স)-এর ফলাফলের ভিত্তিতে প্রতি বিভাগ থেকে সেরা ফলাফল অর্জনকারী (সর্বাধিক সিজিপিএ) শিক্ষার্থীকে 'সেরা শিক্ষার্থী' হিসেবে এ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। নীতিমালা অনুযায়ী কোনো বিভাগ থেকে একাধিক শিক্ষার্থী সর্বাধিক সিজিপিএ অর্জনকারী হলে তাদের মধ্যে সর্বাধিক নম্বরধারী শিক্ষার্থী এ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হয়েছেন। কোনো শিক্ষার্থীর পাঠ-বিরতি থাকলে বা নীতিমা-লায় উল্লিখিত অন্য কারণে বিবেচনার আওতায় না পড়লে তিনি বাদ পড়েছেন।


এ বছর 'সেরা শিক্ষক' ক্যাটাগরি এ্যাওয়ার্ড থেকে বাদ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ফলাফলের অটোমেশন সিস্টেমের আওতায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকদের ফিডব্যাক সিস্টেম চালু করা হয়েছে। আগামীতে শিক্ষার্থীদের ফিডব্যাকের মাধ্যমে যে শিক্ষক সবচেয়ে বেশি স্কোর করবেন তিনি 'সেরা শিক্ষক' হিসেবে এ্যাওয়ার্ড পাবেন।