ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। আহতরা হলেন, ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থাতে আনা হয়। আহতদের ভর্তি করা হয়েছে।