নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার মেঘনা শিল্পনগরীর প্রতাপের চর এলাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ফ্রেশ সল্ট কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (২৫) উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য্য জানান, মেহেদী হাসান ওই প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ করার সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিজেদের জন্য এলাকায় প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানায়।