দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন সোনারগাঁওয়ের বি আর বিলকিস

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। শনিবার (১১ জুলাই) এই প্রতিযোগিতার ফালাফল ঘোষণা করা হয়।

এর আগে তিনি ১২ বার সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, আটবার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ জেলা প্রধান শিক্ষক ও চারবার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিভাগীয় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষক বিলকিস বলেন, সবার অনুপ্রেরণা, ভালবাসা ও সমর্থন আমাকে আজ এ অবস্থানে নিয়ে এসেছে। এজন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। শিক্ষার মানোন্নয়নে আমার চেষ্টা অব্যাহত থাকবে।

তার এই সাফল্যের জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।

আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিভাবে বিজয়ীদের হাতে পদক তুলে দিবেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত