কুমিল্লার দাউদকান্দিতে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এম এ মামুনের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় রায়পুর স্ট্যান্ডের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এম এ মামুন বলেন, সম্প্রতি কুমিল্লা ‘ক্রাইম বার্তা’ নামের একটি ফেসবুক পেইজ থেকে ‘দাউদকান্দি ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ড বিএনপি নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী: রেহাই পেল না ভিক্ষুকও’ এই শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি। আর কুমিল্লা ক্রাইম বার্তা কর্তৃপক্ষও ভিডিও প্রচারের আগে আমার কোনো বক্তব্য নেয়নি যা সংবাদ এবং সাংবাদিকতার নীতি পরিপন্থী।
তিনি বলেন, ভিডিওতে দেখানো এক নারীকে তিনি খুঁজে বের করেন। ওই নারী তাকে চিনেন না বলেও জানান এবং স্বীকার করেন, কিছু ব্যক্তি তাকে টাকার বিনিময়ে মামুনের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিতে প্ররোচিত করেছে।
মামুন অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তার মানহানি ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। ভবিষ্যতে এই চক্র তার বিরুদ্ধে আরও হয়রানিমূলক কর্মকাণ্ড এমনকি জীবননাশের ঝুঁকিও সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, এ ঘটনায় তিনি মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের ওপর বর্তাবে।
সংবাদ সম্মেলনে তিনি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি সকলের প্রতি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে।