৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেলসহ বিপুল সংখ্যক মাদক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে পদ্মা সেতুর উত্তর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানান।

আটকরা হলেন হৃদয় দেওয়ান, সজিব পাইক ও সুমন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তার নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের বাপ্পী চত্ত্বর এলাকা থেকে সুমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি উপজেলা থেকে হৃদয় দেওয়ান ও সজিব পাইককে আটক করে পুলিশ।

এছাড়া লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে মোটরসাইকেল ছাড়া এগারশ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক অর্জুন দাস, পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন, পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত