ছবি ও ভিডিও ভাইরাল

ছেলের মোটরসাইকেলের পেট্রল নিতে লাইনে মা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় ডেমলা ফিলিং স্টেশনে ছেলের মোটরসাইকেলে পেট্রল সংগ্রহ করতে মাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তীব্র রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে থাকা মায়ের ছবি ও ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

মোটরসাইকেলেটির মালিক ওই উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা সাগর বৈদ্য আর তার মায়ের নাম বীথিকা বৈদ্য।

ডেমলা ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হাকিম জানান, বিশৃঙ্খলা থেকে হট্রগোল ও  ফিলিং স্টেশনের কর্মচারিদের ওপর হামলার পর বেশ কয়েকদিন বন্ধ ছিল জ্বালানি তেল সরবরাহ। বৃহস্পতিবার থেকে ইউনিয়ন ভিত্তিক জ্বালানি তেল সরবরাহ শুরু হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে বীথিকা বৈদ্য ছেলের মোটরসাইকেল নিয়ে পাম্পে আসার পর উৎসুখ জনতার ভিড় করতে থাকে। এক পর্যায়ে তিনি পেট্রল সংগ্রহ করতে সক্ষম হন।

এবিষয়ে বীথিকা বৈদ্য জানান, তার ছেলে সাগর বৈদ্য মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে ও কৃষিকাজ করে সংসার চালান। বেশ কয়েকদিন পেট্রল না থাকার কারণে সে মোটরসাইকেল ভাড়ায় চালাতে পারছে না। তাই  তিনি পেট্রল সংগ্রহ করতে পাম্পে এসেছেন।