রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন তার বর্তমান মেয়াদ শেষ হলে তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না। সংবিধান অনুযায়ী দুই মেয়াদ পূর্ণ করে ২০২৭ সালে এলিসি প্রাসাদ ছাড়ার পর নতুন কোনো রাজনৈতিক ভূমিকায় ফেরার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি তাদের খবরে বলেছে, প্রেসিডেন্ট হওয়ার আগে যেমন তিনি রাজনীতিতে জড়িত ছিলেন না, দায়িত্ব শেষ হওয়ার পরও তেমনই রাজনীতির বাইরেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাক্রোঁ। গ্রিক সাইপ্রাস প্রশাসনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, তার শেষ মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো- আগের সাফল্যগুলো ধরে রাখা এবং এগিয়ে নেওয়া, পাশাপাশি যেসব কাজ সঠিকভাবে সম্পন্ন হয়নি, সেগুলো পুনর্বিবেচনা করা। তার মতে, অর্জন ও অসম্পূর্ণ সংস্কারের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন প্রধান কাজ।
তিনি আরও বলেন, অর্জন এবং অসম্পূর্ণ সংস্কারের মধ্যে ভারসাম্য রাখা তার শেষ মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ইউরোপীয় কাউন্সিলের অনানুষ্ঠানিক বৈঠক উপলক্ষে নিকোসিয়া সফর করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সেখানে তাকে স্বাগত জানান গ্রিক সাইপ্রাস প্রশাসনের নেতা নিকোস ক্রিস্টোডুলিদেস। চলতি বছরের প্রথম ভাগে তথা জানুয়ারি-জুন পর্যন্ত ইউরোপীয় কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছে সাইপ্রাস। মূলত ইইউ কাউন্সিলের সভাপতিত্ব প্রতি ৬ মাস অন্তর সদস্য দেশগুলোর মধ্যে আবর্তিত হয়ে থাকে।