এই সন্ত্রাসীদের সামলান, বিচার করুন: প্রধানমন্ত্রীকে সাদিক কায়েম

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদল নেতাদের সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চেয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ডাকসু ভিপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি যদি মনে করেন, আপনি ক্ষমতায় এসে যা ইচ্ছা তাই করবেন, জুলাই সনদের অধ্যাদেশ বাতিল করে দেবেন, গণভোটকে অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ অধিকার অধ্যাদেশ বাতিল করবেন। এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠবেন। আমরা সাবধান করছি এই স্বাধীন বাংলাদেশে আপনাদের সেই ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, আমরা এখনও অনুরোধ করব যে কমিটমেন্ট আপনি দিয়েছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আপনি ক্যাম্পেইন করেছেন। এ জাতিকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করেন। ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাস নৈরাজ্য করছে এই সন্ত্রাসীদের সামলান, তাদের বিচারের আওতায় নিয়ে আসেন।

আমরা হুঁশিয়ার করছি, সাবধান করছি, আমরা দৃপ্তকণ্ঠে ঘোষণা করছি, যে জমিনে বিপ্লবীদের রক্ত ঝড়েছে সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশআল্লাহ। আর যারা শহিদদের সঙ্গে গাদ্দারি করবে, প্রতারণা করবে তারা ধুলোর সাথে মিশে যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদসহ ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।