জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বিশেষ বৃত্তির নীতিমালা-২৫’ অনুযায়ী ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য হালনাগাদের নির্দেশনা দিলেও নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বৃত্তির জন্য সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বৃত্তির জন্য অনলাইনে আবেদন করে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে (https://scholarship.jnu.ac.bd) প্রবেশ করে ব্যাংক সংক্রান্ত তথ্য পূরণ করার কথা রয়েছে। তবে নির্ধারিত সময় শুরু হওয়ার পর থেকেই সাইটে প্রবেশে সমস্যার অভিযোগ উঠেছে।
একাধিক শিক্ষার্থী জানান, তারা বারবার চেষ্টা করেও ওয়েবসাইটে লগইন করতে পারছেন না। অনেকের ক্ষেত্রে সাইট লোড হচ্ছে না, আবার কারো ক্ষেত্রে সার্ভার এরর দেখাচ্ছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা দিতে না পারার আশঙ্কা তৈরি হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাহি বলেন, ‘বৃত্তির জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এখন যখন তথ্য দেওয়ার সময় এসেছে, তখন সাইটেই ঢুকতে পারছি না। এতে আমরা খুব দুশ্চিন্তায় আছি।’
আরেকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময়সীমা বেঁধে দিলেও সার্ভারের সক্ষমতা ঠিকভাবে নিশ্চিত করেনি। ফলে শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্ভুলভাবে ব্যাংক তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকেই তা করতে পারছেন না বলে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘সার্ভারে এক সপ্তাহ ধরে সমস্যা হচ্ছে। আমরা কাজ করছি।। দ্রুতই ঠিক হয়ে যাবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘আমি এই বিষয়ে খোঁজ নিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’
উল্লেখ্য, বিশেষ বৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের নিজ নামে তফসিলি ব্যাংকে হিসাব থাকতে হবে এবং কোনো এজেন্ট ব্যাংক, সাব-ব্রাঞ্চ বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।