নারায়ণগঞ্জে পরিত্যক্ত একটি বাড়ি থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকায় সৌদি আরব প্রবাসী মিঠু মিয়ার মালিকানাধীন দীর্ঘদিন পরিত্যক্ত বাড়ির ঘরের ভেতরে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দা সালমান জানান, শুক্রবার বিকেলে রাস্তায় দাড়িয়ে অপরিচিত এক কিশোর মোবাইলে অপর প্রান্তে থাকা ব্যাক্তির সঙ্গে হত্যা নিয়ে কথা বলছিলেন। এ কথা শুনে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে মরদেহটি দেখা তাদের আটক করে জিজ্ঞাসা করা হলে সে জানায়, ছয়জন মিলে তাকে হত্যা করেছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। হত্যার রহস্য ও জড়িতদের সনাক্তের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।