বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজ অডিটরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে এ সময় পুরস্কার তুলে দেওয়া হয়।
দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি। অনুষ্ঠানে প্রথম পর্বে উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও দ্বিতীয় পর্বে বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহিত কামাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম আবেদ।
প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজ শফি বলেন, শুধু জাতীয় পর্যায়ে নয়, আইকিউ অলিম্পিয়াডে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জন করে আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতে তারা শুধু দেশ নয়, বিশ্বেও নেতৃত্ব দেবে এই আশা করা যায়।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করতে হবে। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবক, শিক্ষক এবং গণমাধ্যমের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ডা. মোহিত কামাল সময়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না করলে ভবিষ্যতে পিছিয়ে পড়তে হয়। তাই নিজের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে সময়মতো সব কাজ শেষ করার অভ্যাস গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠানে বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার এবং প্রধান নির্বাহী মশিউর রহমান জানান, ২০১৭ সাল থেকে বাংলাদেশে এই অলিম্পিয়াড আয়োজিত হয়ে আসছে। এবার এই অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়ে পুরস্কার পেয়েছে ৮২৫ জন। ভারতে আন্তর্জাতিক পর্যায়ের অলিম্পিয়াডে অংশ নিয়ে মোট ৩১ শিক্ষার্থী পেয়েছে গোল্ড মেডেল।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশনের মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটায়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।