‘রানা প্লাজা’ নির্মাণে দুর্নীতির মামলার রায় ১ সেপ্টেম্বর

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০২:৪০ এএম

ঢাকার অদূরে সাভারে ‘রানা প্লাজা’ ভবন নির্মাণে দুর্নীতির মামলার রায় পিছিয়ে ১ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। গতকাল রবিবার মামলাটি রায়ের জন্য দিন ধার্য ছিল। তবে, রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর নতুন দিন ধার্য করেন। এই মামলার ৮ আসামি হলেন ভবন মালিক সোহেল রানা, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব।

আসামিদের মধ্যে সোহেল রানা এ মামলায় জামিনে থাকলেও রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় কারাগারে রয়েছেন। মাহবুবুর রহমান ও ফারজানা ইসলাম শুরু থেকেই পলাতক। অন্য আসামিরা জামিনে রয়েছেন। বিচার চলাকালে সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা খাতুন বেগম মারা যাওয়ায় তাদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা রানা প্লাজা ভবন ধসে পড়ে। কয়েকদিনের উদ্ধার তৎপরতায় ১ হাজার ১৩৬ জনের লাশ উদ্ধার করা  হয়, যাদের বেশিরভাগ ছিলেন পোশাক শ্রমিক। আহত হন ২ হাজারের বেশি শ্রমিক।

নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম সাভার থানায় এ মামলাটি করেন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি মোট ১৮ জনকে আসামি করে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে ৮ জনকে অব্যাহতি দিয়ে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত