নড়াইলে ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে শিশু সন্তানকে নিয়ে পলি বেগম (২৫) নামের এক মা আত্মহত্যা করেছেন। আজ শনিবার বেলা পৌনে একটার দিকে নড়াইল শহরের বরাশুলা চিত্রা রেল সেতুর ওপর এ ঘটনা ঘটে।
পলি বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মুলদাইড় পূর্ব পাড়ার নুর ইসলাম ভূইয়ার স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, পলি বেগম ও তার স্বামী নুর ইসলামের মধ্যে প্রায়ই কলহ হত। কলহের জের ধরে শনিবার সকালে তিনি সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তিনি কমলাপুর-বরাশুলা এলাকায রেল সেতুর ওপর দাঁড়িয়ে থাকেন। দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী টেনটি ঘটনাস্থলে এলে তিনি সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় শিশুটি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণের মধ্যে শিশুটির মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার প্রায় চার ঘণ্টা পর নিহত মা ও শিশুর পরিচয় মিলেছে। পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ছাড়া মহিলার কিছুটা মানসিক সমস্যা রয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।