৮৩তম আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসব

জুড়ি সভাপতি হচ্ছেন ম্যাগি জিলেনহাল

আগামী ২ সেপ্টেম্বর পর্দা উঠবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এতে মূল প্রতিযোগিতা বিভাগে জুরি সভাপতি হচ্ছেন আমেরিকান অভিনেত্রী-নির্মাতা ম্যাগি জিলেনহাল। আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ-সহ অন্যান্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেবেন তিনি। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ব্যবসাসফল ও প্রশংসিত অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন ম্যাগি জিলেনহাল। এরমধ্যে রয়েছে ক্রিস্টোফার নোলানের সুপারহিরো ছবি ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮)। 

এক বিবৃতিতে ৪৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে জুরিদের নেতৃত্ব দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করতে পেরে আমি রোমাঞ্চিত। ভেনিস বরাবরই সত্যবাদী ও স্বতন্ত্র কণ্ঠস্বরকে উপস্থাপন করে আসছে। সেই সাহসী ও প্রয়োজনীয় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার অংশ হতে পেরে আমি সম্মানিত। বিচার করার জন্য নয়; বরং কৌতূহল, প্রশংসা ও অধীর আগ্রহ নিয়ে ছবিগুলো দেখবো।’ 

ভেনিস উৎসবের পরিচালক আলবের্তো বারবেরার দৃষ্টিতে, বুদ্ধিমত্তা ও সাহসের সম্মিলনে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন ম্যাগি জিলেনহাল। তার ভাষ্য, ‘জুরি সভাপতি হিসেবে এমন নির্ভরযোগ্য ও স্বাধীন কণ্ঠস্বরকে পেলে আস্থা রাখা যায়। আমাদের উৎসবের প্রাণ হিসেবে বিবেচিত আর্টহাউস সিনেমার প্রতি খাঁটি আবেগ রয়েছে তার মাঝে।’ 

‘ক্রেজি হার্ট’ ছবির জন্য অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান ম্যাগি জিলেনহাল। ‘সেক্রেটারি’ (২০০২) ও ‘শেরিবেবি’ (২০০৬) ছবি দুটির জন্য গোল্ডেন গ্লোবসে মনোনীত হন তিনি। তার অভিনীত ছবির তালিকায় আরও রয়েছে— ‘ডনি ডার্কো’ (২০০১), ‘মোনা লিসা স্মাইল’ (২০০৩), ‘স্ট্রেঞ্জার দ্যান ফিকশন’ (২০০৬), ‘ন্যানি ম্যাকফি রিটার্নস’ (২০১০), ‘ফ্র্যাঙ্ক’ (২০১৪), ‘দ্য কিন্ডারগার্টেন টিচার’ (২০১৮) প্রভৃতি। 

ম্যাগি জিলেনহাল পরিচালক, চিত্রনাট্যকার আর প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। ২০২১ সালে ‘দ্য লস্ট ডটার’-এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। এর গল্প-চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। ছবিটি ৭৮তম ভেনিস উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে।

গত মার্চে বড় পর্দায় মুক্তি পেয়েছে ম্যাগি জিলেনহাল পরিচালিত-প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘দ্য ব্রাইড’। মেরি শেলির ধ্রুপদি গল্প ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং ১৯৩৫ সালের চলচ্চিত্র ‘ব্রাইড অব ফ্রাঙ্কেনস্টাইন’ অবলম্বনে এটি নির্মাণ করেছেন তিনি। অভিনয়ে জেসি বাকলি, ক্রিশ্চিয়ান বেল, অ্যানেট বেনিং, পেনেলোপি ক্রুজ, পিটার সার্সগার্ড ও জ্যাক জিলেনহাল।