পিরোজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও মানবদেহের জন্য ক্ষতিকর কেমিকেল ব্যবহারের অপরাধে রনি আইস্ক্রিম কারখানায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অনাদায়ে মালিকপক্ষের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (২৫ এপ্রিল) সকালে পৌরসভার রানীপুরে অবস্থিতে উক্ত আইসক্রিম কারখানায় চালানো এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমিন।
তিনি জানান, মেসার্স রনি আইস্ক্রিম নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতিকারক রং, ফ্লেবার ও বিএসটিআইর অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল আইসক্রিম তৈরি করে আসছিল। আমরা আজকে প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনা করি। এ সময় প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনুমোদনহীন রং ও ফ্লেবার, চকলেট পাউডার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এ সময় কারখানা মালিকপক্ষের মো. রাকিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দণ্ডবিধিতে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরাধী তৎক্ষণাৎ অর্থদণ্ড পরিশোধ করায় অনাদায়ের কারাদণ্ড মওকুফ করা হয়।
