নান্দাইলে খাট থেকে পড়ে প্রাণ গেল শিশুর

ময়মনসিংহের নান্দাইলে খাট থেকে পড়ে নুসরাত নামের ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে নান্দাইল পৌরসদরের দক্ষিণ চারআনি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কামরুন্নাহার তার মেয়েকে খিচুড়ি খাওয়াচ্ছিলেন। এ সময় পানি আনতে গেলে শিশুটি খাট থেকে পড়ে জ্ঞান হারায়। দ্রুত শিশুকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।