বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করে না। দলটির অতীত ইতিহাস বিবেচনা করে এবং গণতন্ত্র রক্ষার্থে তাদের রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে।’ গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভাশেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমি আজ একটি পত্রিকায় সংবাদ দেখলাম, যা আমাকে অত্যন্ত আহত করেছে। জামায়াত আমির বলেছেন বিএনপি না কি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামায়াত আমিরের বিতর্কিত মন্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং এটি সুস্থ চিন্তার পরিপন্থী।’
মির্জা ফখরুল বলেন, ‘৫ আগস্টপরবর্তী নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নিরপেক্ষ ও সুষ্ঠু। দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং মিডিয়া একবাক্যে তা স্বীকার করেছে। জামায়াতের এই মিথ্যাচার আমরা প্রত্যাখ্যান করছি।’
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘একটি বিশেষ শক্তি ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে এবং দেশে পুনরায় ফ্যাসিবাদী শাসন কায়েমের পাঁয়তারা করছে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও কার্টুন ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, যেন তারা দেশবাসীকে আবার স্বৈরাচারের দিকে ঠেলে দিতে না পারে।’
তিনি বলেন, বাংলাদেশের সচেতন ছাত্রসমাজ ও সাধারণ জনগণ যেকোনো ধরনের অপরাজনীতিকে অতীতে যেভাবে রুখে দিয়েছে, এবারও সেভাবেই প্রতিরোধ করবে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আগামী ১ মে রাজধানীর নয়াপল্টনে মে দিবসের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন দিশা পেয়েছে, কোনো ষড়যন্ত্রই এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না। সারা দেশের জেলা ও উপজেলা ইউনিটগুলোতে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় এ দিবসটিকে ‘উৎসব’ এবং ‘রাজনৈতিক শপথগ্রহণের দিন’ হিসেবে পালনের প্রস্তুতি নিয়েছে বিএনপি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এসএম জিলানি এবং যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। এর আগে মে দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।