জামালপুরে আ.লীগের ২৪ নেতাকর্মী কারাগারে

জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোবারক হোসেন মগরবসহ স্থানীয় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চাইলে সংশ্লিষ্ট বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইসলামপুর থানার পুলিশ জানায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারকে উৎখাতের লক্ষ্যে গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় বিস্ফোরক দ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ওই দিন রাতে জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ১২৮ জনের নামে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে থানায় মামলা করেন। ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো.ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।