‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দেয়া কড়া হুঁশিয়ারি নতুন করে শঙ্কা তৈরি করেছে। ইরান বলেছে ‘শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত নীরবতা’ কোনো দুর্বলতা নয়। দৃশ্যমান সংযম যেকোনো মুহূর্তে ‘নারকীয় ঝড়ে’ রূপ নিতে পারে। দেশটি বলছে শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব-নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালালে ‘প্রত্যাশার চেয়েও ভয়াবহ’ পাল্টা জবাব দেয়া হবে। ‘যুদ্ধবাজ ও প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রু’ যদি কোনো ধরনের ভুল করে বা নতুন করে আগ্রাসন চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে এই তথ্য জানা গেছে। 

এদিকে পাকিস্তানে শান্তি আলোচনায় এখন পর্যন্ত কোনো মীমাংসা হয়নি। প্রথম দফার আলোচনায় কোনো চুক্তি না হওয়ার পর দ্বিতীয় দফার আলোচনার জন্য মধ্যস্থতা চালায় পাকিস্তান। কিন্তু মার্কিন-ইরানি প্রতিনিধিদের মধ্যে মতপার্থক্যের জন্য সেই আলোচনাও এখনও অনুষ্ঠিত হয়নি। এমন অবস্থায় রবিবার (২৬এপ্রিল) আবারও ইসলামাবাদ পৌঁছানোর কথা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আল জাজিরা প্রতিবেদনে জানায়, বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্যের কারণে ইরানিরা যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি আলোচনার জন্য প্রস্তুত নয়। তারা মার্কিন অবস্থানকে চরমপন্থি বলে মনে করে। এছাড়া ইরানের এমন কিছু দাবি রয়েছে যা আমেরিকানদের কাছে অগ্রহণযোগ্য। তবে, কোনো অগ্রগতি না হওয়া সত্ত্বেও পাকিস্তান মধ্যস্থতা চালিয়ে যাওয়ার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা বলে আসছে, সুতরাং সেই সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।

জানা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান থেকে ফেরার পথে রবিবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন। পাকিস্তানের সঙ্গে তার আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, তার সঙ্গে আসা প্রতিনিধিদলটি সেখানকার সরকারের কাছ থেকে নির্দেশনা নিতে তেহরানে ফিরে গেছে। তারাও ইসলামাবাদে তার সঙ্গে যোগ দিতে পারেন। সুতরাং, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কী ঘটে, তা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যাবে।