বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭ টার পর ডেসকো’র অভিযান চলমান

‘বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় সরকারি নির্দেশনা মোতাবেক আমরা ডেসকো আওতাধীন প্রত্যেকটি এলাকার শপিংমল, মার্কেট, বিপনি বিতানসহ সকল প্রকার বানিজ্যিক প্রতিষ্ঠানের উপর কঠোর নজরদারি করছি। প্রথমে সতর্ক করা হচ্ছে এবং ৭ টার পর জরুরি সেবাকেন্দ্র ব্যতীত কোন বানিজ্যিক স্থাপনা খোলা দেখা গেলে তাৎক্ষণিক বন্ধের ব্যবস্থা করা হচ্ছে। এরপরও যদি কেউ আইন অমান্য করেন তবে তার বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’ বলে উল্লেখ করেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ন জেলা জজ) ডেসকো মো. হাদিউজ্জামান।

সরকারের নির্দেশনাক্রমে শপিংমল, মার্কেট, দোকানসমূহ সময়মতো বন্ধকরণের নিমিত্তে ডেসকো কর্তৃক নিয়মিত বিশেষ অভিযান/ মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  সন্ধ্যা ৭ টায় ডেসকো আওতাধীন মিরপুর এলাকার মার্কেট, শপিংমল  এবং দোকান সমূহে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ন জেলা জজ) ডেসকো মো. হাদিউজ্জামান। 

ডেসকো আওতাধীন গুলশান- বনানী অঞ্চলে অপর একটি অভিযান পরিচালিত হয় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা 
৭ টা থেকে। সেই অভিযানে নেতৃত্ব দেন ডেসকো’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবের আলম। অভিযানকালে স্পার্ক গিয়ার, বেস্টবাইসহ কিছু প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় দশ হাজার (১০,০০০.০০) টাকা করে জরিমানা করা হয়। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জার দায়ে গুলশানের একটি খাবারের দোকান থেকে জরিমানা আদায় এবং কিছু অপ্রয়োজনীয় ডিসপ্লে লাইট জব্দ করা হয়। পাশাপাশি লিফলেট বিতরণ, মাইকিং করে ব্যবসায়ীসহ সর্বসাধারণকে সচেতন করার কাজ চলমান রয়েছে।

ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এবং নির্বাহী পরিচালক অপারেশন প্রকৌশলী মো. রশিদুর রহমানের তত্ত্বাবধানে অভিযানে আরও উপস্থিত ছিলেন ডেসকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রব্বানী, সনাতন দত্ত, শফিকুল ইসলাম, প্রকৌশলী আব্দুল লতিফ মিয়া, মো. রায়হান আরেফিনসহ আরও অনেক কর্মকর্তা- কর্মচারী।