চৌদ্দগ্রামে বাসচাপায় পথচারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে স্টার লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস চাপায় ইয়াছিন প্রকাশ জুয়েল (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত জুয়েল ফেনীর ঐশ্বদিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায়। নিহত জুয়েল সপরিবারে কালিকাপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন এবং দিনমজুর হিসেবে এলাকায় কাজ করতেন। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহাব উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রবিবার জুয়েল মহাসড়কের পাশের একটি চা দোকানে নাস্তা খেয়ে মহাসড়ক পারাপারের সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।