নরসিংদীতে নিরাপত্তা প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রে লুট

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিদ্যুৎ উপ-কেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাবল ও যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। আজ রবিবার ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনস্থ পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।

এ সময় প্রায় ৪ লাখ টাকা মূল্যমানের তামার তার, ডিসকানেক্ট সুইস এর ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুট করে নিয়ে যায়। চলতি লাইন থেকে এসব তার কেটে নেওয়ার ফলে পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ ৪টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, রবিবার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে ৫ থেকে ৬ জনের একটি দুর্বৃত্ত দল মোটরসাইকেলযোগে এসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তারা পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পলাশ থানা পুলিশে খবর দেয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুতই অপরাধীদের ধরার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।