নাটোরের গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে আসামি করে দায়ের করা মামলায় আদালত সশরীরে হাজিরা দিয়ে জামিন নেওয়ার ঘটনায় আদালতপাড়া ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার নথিতে দেখা যায়, দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুর নাম অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী মো. শামীম হোসেন জানান, গুরুদাসপুরের ধারাবারিষা এলাকায় গত ৯ এপ্রিলে পূর্ববিরোধের জেরে হামলা ও সংঘর্ষে কয়েকজন আহত করার অভিযোগ ওঠে। পরে ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় একাধিক ব্যক্তির নামের সঙ্গে এলাকার শাজাহান আলীর ছেলে হুসেনের নামও আসামি হিসেবে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বর্তমানে তার বয়স সাত বছর। মামলায় এই শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সবার একই প্রশ্ন এত ছোট বয়সের একটি বাচ্চাকে কিভাবে হামলা বা সংঘর্ষের মামলায় আসামি করা হলো।
আইনজীবীরা বলেন, ফৌজদারি মামলায় অভিযোগকারী পক্ষ অনেক সময় বিরোধের জেরে পরিবারের সকল সদস্যদের একসঙ্গে আসামি করে থাকে। তবে কোনও শিশু বাচ্চার নাম যুক্ত হলে তদন্ত সাপেক্ষে বিষয়টি গুরুতর সঙ্গে যাচাই করা প্রয়োজন।