সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, সমাজের অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
নাটোরের সিংড়ায় বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণকালে তিনি এ কথা বলেন।
শুক্রবার দুপুর ১২টায় সিংড়া উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, নিবন্ধিত এতিমখানা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া সরকারি অনুদান অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা ও খাদ্যের প্রয়োজন পূরণে কাজে লাগাতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু।
এ সময় সরকারি অনুদানের আওতায় সংশ্লিষ্ট উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদেরও সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি, এতিমখানার দায়িত্বশীল ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।