৯ মাসে এডিপি বাস্তবায়ন ৩৬%

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকল্প ব্যয়ের পরিমাণ একেবারেই সীমিত পর্যায়ে নিয়ে আসা হয়। যার প্রভাব এখনো রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার মাত্র ৩৬ দশমিক ১৯ শতাংশ; যা গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন।

গতকাল রবিবার আইএমইডির প্রকাশিত তথ্যমতে,ু দেশের রাজনৈতিক পটপরিবর্তন, সরকার পতন, প্রশাসনের স্থবিরতার মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় প্রায় ৮২ হাজার ৮৯৪ কোটি ৮ লাখ টাকা ব্যয় করে। যা মোট বরাদ্দের ৩৬ দশমিক ৬৫ শতাংশ। তবে চলতি অর্থবছরের একই সময়ে এ হার আরও খানিকটা কমেছে। এ সময়ে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে ৭৫ হাজার ৬০৭ কোটি ২৪ লাখ টাকার। যা মোট বরাদ্দের মাত্র ৩৬ দশমিক ১৯ শতাংশ।

আইএমইডির তথ্যমতে, সর্বশেষ পাঁচ বছরে এ সময়ে (জুলাই-মার্চ) এত কম এডিপি বাস্তবায়ন হয়নি। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ৪৫ দশমিক ৫ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ৪১ দশমিক ৫ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৪২ দশমিক ৩০ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য এডিপির মাধ্যমে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ দশমিক ৬৪ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার।

আইএমইডির তথ্যে দেখা যায়, সবশেষ মার্চ মাসে ১২ হাজার ২৭৯ কোটি টাকা খরচ করেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। গত অর্থবছরের মার্চ মাসে ব্যয় হয়েছিল ১৫ হাজার ৩৪০ কোটি টাকা।